হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম জোরদারে রেড ক্রিসেন্টের সহায়তা

ঢাকা, ১ অক্টোবর ২০২৬: ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও প্রতিরোধমূলক সামগ্রী সরবরাহ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC)-এর ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (DREF) এবং আমেরিকান রেড ক্রসের সহায়তায় এই সহায়তা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা এই সহায়তা প্যাকেজের আওতায় রয়েছে ৪০০০টি ডেঙ্গু NS1 র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট এবং ২০০টি মশারি, যা চলমান পরিস্থিতিতে রোগীদের দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসাসেবায় সরাসরি ভূমিকা রাখবে।
এই সহায়তা ডেঙ্গু প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় ও মোকাবিলা কার্যক্রম জোরদারের পাশাপাশি আক্রান্ত জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সহায়তায় বিডিআরসিএসের বৃহত্তর উদ্যোগের অংশ। বাংলাদেশ সরকার এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্টের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিডিআরসিএস কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবক সম্পৃক্ততা, স্বাস্থ্যবিষয়ক প্রচার এবং প্রয়োজনভিত্তিক সহায়তার মাধ্যমে জাতীয় ডেঙ্গু মোকাবিলা কার্যক্রমে নিয়মিত সহযোগিতা জোগাচ্ছে।
অনুষ্ঠানে বিডিআরসিএসের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “ডেঙ্গু দেশের বিভিন্ন হাসপাতাল ও জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করে চলায় সময়মতো রোগ নির্ণয় এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহায়তার মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবার সম্মুখসারির প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদারে সহায়তা করছি এবং একই সঙ্গে মানুষের ও পরিবারের ওপর ডেঙ্গুর প্রভাব কমাতে বৃহত্তর উদ্যোগে অবদান রাখছি। জাতীয় ডেঙ্গু মোকাবিলা কার্যক্রমে সহায়তা করতে সরকারি কর্তৃপক্ষ ও আমাদের মুভমেন্টের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সর্বশেষ এই সহায়তা জাতীয় ডেঙ্গু মোকাবিলায় বিডিআরসিএসের চলমান সহায়তারই ধারাবাহিকতা। এর আগে ২০২৬ সালের জুলাই মাসে বিডিআরসিএস ডেঙ্গু পরীক্ষা ও দ্রুত শনাক্তকরণের সক্ষমতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) কাছে ৪০ হাজারের বেশি ডেঙ্গু NS1 র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট হস্তান্তর করে। কমিউনিটি সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সহায়তার পাশাপাশি এসব উদ্যোগ সরকারের নেতৃত্বাধীন কার্যক্রমে বিডিআরসিএসের অব্যাহত সহযোগিতার স্পষ্ট প্রতিফলন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন আহমেদ জানান, “গত তিন মাসে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭১ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ডেঙ্গু পরীক্ষা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বনিম্ন ফিতে ডেঙ্গু পরীক্ষা পরিচালনা করে আসছে।”
আজ সকালে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে বিডিআরসিএস, IFRC, আমেরিকান রেড ক্রস এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম. হুমায়ুন কবীর। এছাড়াও এতে অংশ নেন IFRC-এর ভারপ্রাপ্ত হেড অব ডেলিগেশন সোনাকশি দে, বাংলাদেশে আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ যোশী এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মোজিবুল হক।
মানবিক সেবায় বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিডিআরসিএস সরকারি কর্তৃপক্ষ, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে, যা ডেঙ্গুর স্বাস্থ্য ও মানবিক প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Skip to content