ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটিকে মানবিক সহায়তা প্রদান করেছে বিডিআরসিএস

ঢাকা, বাংলাদেশ, ২৩ এপ্রিল ২০২৬: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ইরানে চলমান সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চিকিৎসা সামগ্রী, সার্জিক্যাল অ্যাক্সেসরিজ, হাইজিন পার্সেল এবং ডিগনিটি কিট সমন্বয়ে একটি ত্রাণ সহায়তা হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিআরসিএস-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি, এই সহায়তা আনুষ্ঠানিকভাবে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। বিডিআরসিএস-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন লজিস্টিকস ও কমিউনিটি ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম. হুমায়ুন কবীর।
বিডিআরসিএস-এর মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতা ও সংহতির চেতনায় যেকোনো মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ায়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের বৈশ্বিক প্ল্যাটফর্মের অধীনে অংশীদার সোসাইটিগুলো প্রয়োজনের সময়ে একে অপরকে সহায়তা করে। সেই ধারাবাহিকতায় আমরা গর্বিত যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই সহায়তা প্রদান করতে পেরেছি, যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আমাদের যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।”
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যকার গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
Skip to content