ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মানবতার সেবায় আরও নিবেদিত হতে অনুপ্রাণিত করে। আমরা তাদের চেতনা ধারণ করে সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় সচেতন থাকা কতটা জরুরি। রেড ক্রিসেন্টের সকল স্বেচ্ছাসেবক ও সদস্য ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানবসেবার অঙ্গীকার ব্যক্ত করেন।”
এছাড়াও, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল জেলা ও সিটি ইউনিট নিজ নিজ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে দিনটি পালন করছে।







