ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: যুব প্রধানদের ঘোষণাপত্র (Youth Chiefs’ Declaration) গ্রহণের মধ্য দিয়ে আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর ১৭তম যুব প্রধান সম্মেলন ২০২৬-এর সমাপ্তি ঘটেছে। এই ঘোষণাপত্রে ৬৮টি ইউনিটের রেড ক্রিসেন্ট যুব প্রধান যুব নেতৃত্ব ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং একই সাথে বিডিআরসিএস নেতৃত্বের প্রতি অনুরূপ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
“ডিজিটালি ক্ষমতায়িত, মানবতার তরে সক্রিয়” (Digitally Empowered, Act with Humanity) প্রতিপাদ্য নিয়ে ১৮-১৯ নভেম্বর ঢাকার হলিডে ইন হোটেলে এই দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের বিভিন্ন ইউনিটের যুব প্রধানরা একত্রিত হন। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন, বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং সোসাইটির মধ্যে যুব অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদার করার উপায় চিহ্নিত করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম। তিনি যুব প্রধানদের উদ্দেশ্যে বলেন, তারা কেবল নিজ নিজ ইউনিটেরই প্রতিনিধিত্ব করেন না; বরং তারা সোসাইটির মানবিক মূল্যবোধ, নেতৃত্ব এবং ভবিষ্যৎ বহন করেন। তিনি বলেন, “একজন শক্তিশালী নেতা অনুসারী তৈরি করেন না; বরং তিনি আরও নতুন নেতা তৈরি করেন।” তিনি আরও যোগ করেন, প্রকৃত নেতৃত্ব নিজের অবস্থান তৈরি করার মধ্যে নিহিত নয়, বরং অন্যদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করার মধ্যেই নিহিত। তিনি যুব প্রধানদের এমন ইউনিট গড়ে তোলার আহ্বান জানান, যেখানে প্রতিটি তরুণ স্বেচ্ছাসেবক মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে কাজ করতে পারেন।
চেয়ারম্যান যুব প্রধানদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সাতটি মৌলিক নীতিমালা সমুন্নত রাখার আহ্বান জানান। দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, নাগরিক সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকির ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে তিনি একটি দক্ষ, সংযুক্ত ও সক্রিয় জাতীয় যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান, যার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দেশের এক প্রান্তের স্বেচ্ছাসেবকরা অন্য প্রান্তের স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়াতে পারবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিডিআরসিএস-এর মহাসচিব মো. হাবিবুর রহমান খান ইউনিট পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিতে সোসাইটির বিভিন্ন উদ্যোগের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যে নয়টি মডেল ইউনিট গড়ে তোলা হয়েছে এবং সারা দেশের সবকটি ৬৮টি ইউনিটকে পর্যায়ক্রমে শক্তিশালী করতে বিডিআরসিএস কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাসেবকদের কণ্ঠস্বর আরও জোরালো করতে ব্যবস্থাপনা পর্ষদ (Managing Board) তাদের সভায় একজন স্বেচ্ছাসেবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।
অংশগ্রহণকারীদের পক্ষ থেকে রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান ইয়াসমিন আক্তার নিশাত আনুষ্ঠানিকভাবে ‘যুব প্রধানদের ঘোষণাপত্র ২০২৬’ পাঠ করেন। সাতটি মৌলিক নীতিমালা এবং বিডিআরসিএস যুব নীতিমালা দ্বারা পরিচালিত হয়ে যুব প্রধানরা আগামী ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে মৌলিক নীতিমালা, আরসিওয়াই (RCY) আচরণবিধি, সুরক্ষা (সেইফগার্ডিং), তথ্য সুরক্ষা, ডিজিটাল আচরণ এবং প্রতীক (এমব্লেম) ব্যবহারের ওপর ইউনিট পর্যায়ে ওরিয়েন্টেশন আয়োজনের অঙ্গীকার করেন। এছাড়া, নতুন যুক্ত হওয়া সকল আরসিওয়াই-কে অন্তর্ভুক্তির তিন মাসের মধ্যে এসব মানদণ্ডের সাথে পরিচিত করার প্রতিশ্রুতি দেন। তারা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যুবকদের চিহ্নিত অন্তত দুটি অগ্রাধিকারমূলক বিষয়সহ একটি ইউনিট কর্মপরিকল্পনা জমা দেওয়ার এবং ২০২৭ সালের মধ্যে প্রতি ইউনিটে নথিভুক্ত অন্তত দুটি যুব পরামর্শ সভা (youth consultations) আয়োজনেরও অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান তাদের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা যুব প্রধানের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়া, স্বেচ্ছাসেবকরা নিজ নিজ ইউনিটের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যা বিডিআরসিএস-এ স্বেচ্ছাসেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। এছাড়াও পার্টনার ন্যাশনাল সোসাইটি মধ্যে উপস্থিত ছিলেন আইএফআরসি’র বাংলাদেশস্থ হেড অফ ডেলিগেশন সেভাল গুজেলকিলিঙ্ক, আইসিআরসি-এর বাংলাদেশস্থ হেড অফ ডেলিগেশন নিকোলাস ফ্লুরি, আমেরিকান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তীর্থ যোশিসহ ব্রিটিশ রেড ক্রস, জার্মান রেড ক্রস এবং বিডিআরসিএস যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের কর্মকর্তারা।







