জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান

ঢাকা, ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার): বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবদুস সালাম আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা) এবং নবগঠিত  ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে চেয়ারম্যান মো. আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব হচ্ছে রেড ক্রিসেন্টের মৌলিক নীতি ও মানবিক মূল্যবোধ ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে মানবিক সেবার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করা। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, আমাদেরকে একটি গুরুদায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আমরা আমাদের কার্যক্রমের সূচনালগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। তাঁদের আদর্শ, দেশপ্রেম এবং মানুষের কল্যাণে নিবেদিত জীবন আমাদের অনুপ্রেরণার উৎস। একটি মানবিক, স্বচ্ছ, গণতান্ত্রিক ও মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তাঁরা ধারণ করেছিলেন, সেই চেতনাকে ধারণ করেই আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আর্তমানবতার কল্যাণে আমাদের যাত্রা শুরু করছি।”
তিনি বলেন, “আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সুস্থতা কামনা করছি। এবং দুয়া করছি আল্লাহ যেন তাকে সে সক্ষমতা দেয় তিনি যে ভিশন নিয়ে আগাচ্ছেন সেটা যেন সফল হয়। এবং একইসঙ্গে আমাদের প্রিয় নেতা ও প্রিয় নেত্রীর জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
দেশের দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আগামী দিনেও মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম বৃহৎ মানবিক সংস্থা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নবনিযুক্ত ব্যবস্থাপনা কমিটি এ ধারাবাহিকতাকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
Skip to content