ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আয়োজন করে। রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও ড্যানিশ রেড ক্রসের কারিগরি সহযোগিতায় রোববার সারাদিন এ কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মোট ১৪৩ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ১২১ জন পুরুষ ও ২২ জন নারী ছিলেন। এ ছাড়া প্রাথমিক পরীক্ষায় ২১ জনকে নতুন করে অসংক্রামক রোগের (NCD) সম্ভাব্য রোগী হিসেবে শনাক্ত করা হয়।
সেবার আওতায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং অসংক্রামক রোগ শনাক্তকরণে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষার মধ্যে ছিল রক্তে গ্লুকোজের মাত্রা (RBS), ইউরিক অ্যাসিড, টোটাল কোলেস্টেরল, হিমোগ্লোবিন ও বডি মাস ইনডেক্স (BMI) নির্ণয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির উপমহাসচিব মো. এহছানে এলাহী, স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবির এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক এ এস এম মামুনুর রহমান খলিলী
এ সময় চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা ও সময়মতো স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই এসব রোগের প্রাথমিক পর্যায়ে কোনো দৃশ্যমান উপসর্গ থাকে না। তাই অসুস্থ হওয়ার অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত ও সম্প্রসারিত করতে আমরা কাজ করে যাব।”
এ সময় সোসাইটির মহাসচিব ও স্বাস্থ্য বিভাগের পরিচালকও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উল্লেখ করেন, অসংক্রামক রোগে আক্রান্ত অনেক মানুষের মধ্যে দীর্ঘদিন কোনো দৃশ্যমান উপসর্গ থাকে না। ফলে উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের সুযোগ সম্প্রসারণে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







