কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা গড়ে তোলার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, বিশেষ করে সংকেটে থাকা সাধারণ ও গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের “বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।
হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের দিকে তাকিয়ে আছে দেশ। যদি আপনারা মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গ্রাম পর্যায়ে সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হন, তবেই দেশের সর্বস্তরের মানুষের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’
দেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে চিকিৎসক ও নার্সের সংখ্যা পর্যাপ্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ১ হাজার রোগীর জন্য ২.২ জন ডাক্তার থাকার কথা। আর প্রতি ১ হাজার জনের বিপরীতে ১.৪৮ নার্স। অথচ বাংলাদেশে একজন ডাক্তারকে দেখতে হয় ১২শ থেকে ১৮শ রোগীকে। নার্সদের অনুপাত ১ হাজার রোগীর বিপরীতে ০.৫৪৯। সরকারি চিকিতসকদের অনুপাত ৬ হাজার ৫শ রোগীর বিপরীতে মাত্র ১ জন। গ্রামাঞ্চলে এই পরিস্থিতি আরও ভিন্নতর। ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে অবস্থান করলেও দেশের প্রায় ৭৮ শতাংশ মানুষ বাস করেন গ্রামে। সেজন্য চিকিৎসা দারিদ্র্যের অন্যতম কারণ।’
ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা এমন একটা আগামীর বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে যেন প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা যেন প্রাণ না হারায়, কোনো নবজাতক যেন মায়ের কোল খালি করে চলে না যায়-এমন একটা চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।’
হাসপাতালটির অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, “এক সময় হলি ফ্যামিলি হাসপাতালের মান এতটাই উঁচুতে ছিল, যা অনেক সরকারি হাসপাতালেও ছিল না। আমাদের চিকিৎসকদের দায়িত্ব এই হারিয়ে যাওয়া গুণগত মান পুনরুদ্ধার করা। ইস্কাটন গার্ডেন ঢাকা শহরের কেন্দ্রবিন্দু—আমরা যদি এখানে বিশ্বমানের সার্ভিস দিতে পারি, তবে মানুষকে অন্য কোথাও যেতে হবে না। হাসপাতালের সেবার মানে কোনো আপস করা যাবে না।”
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম হাসপাতালটির সার্বিক বিষয়ে ডা. জুবাইদা রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সমগ্র বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত নানা সমস্যায় জর্জরিত। জনাব তারেক রহমান সবসময় মানুষের কল্যাণের চিন্তা করেন। আমাদের বিনীত দাবি, ডা. জুবাইদা রহমান যেন এই ঐতিহাসিক হলি ফ্যামিলি হাসপাতালটিকে নিজের মনে করে দেখভাল ও এর মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম প্রধান অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা. জুবাইদা রহমান সবসময় কাজ করে যাচ্ছেন। একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী হেলথ কার্ড চালুকরণ ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৮ লাখ স্বেচ্ছাসেবক, হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজকে যুক্ত করে প্রশিক্ষিত ভলান্টিয়ার ও নার্সদের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ভিশন বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটি পাশে থাকবে। এছাড়া, হলি ফ্যামিলি হাসপাতালের হারানো জাতীয় ও আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধারে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা ও দিকনির্দেশনা দেওয়ার বিনীত অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে বিজয়ী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা ও বার্তা হিসেবে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা)সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ ও কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ।
Skip to content