মিরপুরে পানিবন্দী পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট এর মানবিক সহায়তা বিতরণ

দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) আজ মিরপুরের কালশী এলাকায় ৭০০টি পানিবন্দী পরিবারের মাঝে জরুরি অখাদ্য ত্রাণসামগ্রী (নন-ফুড আইটেমস/এনএফআই) বিতরণ করেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এ সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিডিআরসিএস-এর কোষাধ্যক্ষ ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ফারুক উদ্দিন ভূঁইয়া এবং ডা. জামিল আহমেদ। বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় বিভিন্ন নন-ফুড আইটেম।

মানবিক সহায়তা বিতরনকালে অধ্যাপক ডা. মো. রফিকুল কবির বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের মানবিক কার্যক্রম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে পরিচালিত হয়। আজ আমরা ৭০০টি পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনগুলোতেও এই সহায়তা অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন স্থানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।”

তিনি আরও জানান, বিডিআরসিএস-এর ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা শিগগিরই চার দিনের সফরে চট্টগ্রাম অঞ্চলে যাবেন। তিনি বলেন, “চট্টগ্রাম অঞ্চলের চারটি জেলার পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে আমরা সেখানে চার দিনের জন্য যাচ্ছি। বন্যা শুরুর প্রথম দিন থেকেই আমাদের স্বেচ্ছাসেবকেরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ভাইস চেয়ারম্যান দুর্যোগ মোকাবিলায় সরকারের চলমান উদ্যোগেরও প্রশংসা করেন। তিনি বলেন, “বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সংকট মোকাবিলা করছে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের এই প্রচেষ্টার সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাবে। মানবিক সাড়াদান কার্যক্রমে অব্যাহত সহযোগিতার বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকেও ইতিবাচক আশ্বাস পেয়েছি।”

তিনি আরও জানান, দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও জরুরি সাড়াদান কার্যক্রম আরও শক্তিশালী করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ইতোমধ্যে দেশের বিভিন্ন ইউনিটের কাছে প্রায় ৭ হাজার জরুরি উদ্ধার সরঞ্জাম হস্তান্তর করেছে। এসব সরঞ্জাম দুর্যোগ মোকাবিলায় ইউনিট ও স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত ও কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এর বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, ইউনিট ও জরুরি সাড়াদান দলের মাধ্যমে জীবনরক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।
Skip to content