ঢাকা, ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): বাংলাদেশ সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) তার Green Response কার্যক্রমের আওতায় পাঁচ বছরব্যাপি বিশেষ এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের প্রতি সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর বড় মগবাজারে সংস্থাটির জাতীয় সদর দপ্তরে ‘বিডিআরসিএস ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করেন সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিডিআরসিএসের ভাইস-চেয়ারম্যান, ট্রেজারার, ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ, সেক্রেটারি জেনারেল, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, রেড ক্রিসেন্ট যুব প্রতিনিধি, আইএফআরসি এবং পার্টনার ন্যাশনাল সোসাইটিস (PNSs)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সরকারের চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিডিআরসিএস এ উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে সংস্থাটির Green Response উদ্যোগের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীল সম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকারকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, “পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের এই মহাপরিকল্পনা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি দুর্যোগের ঝুঁকি কমাতে, জীববৈচিত্র্য সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আসুন, আমরা সবাই একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসি।”
বিডিআরসিএসের এ উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় সংস্থাটির ৬৮টি ইউনিটের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় প্রশাসন, রেড ক্রিসেন্ট ইয়ুথ, স্বেচ্ছাসেবক, আজীবন সদস্য এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে এসব কর্মসূচি পরিচালিত হবে, যা দেশব্যাপী পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও বেগবান করবে।
বিডিআরসিএস আশা করছে, এ কর্মসূচি দেশের বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।







