দেশব্যাপী নানা মানবিক কর্মসূচিতে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপন

ঢাকা, ৮ মে, ২০২৬: ‘মানবতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম। দিবসটি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে কয়েকশ স্বেচ্ছাসেবক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। বর্ণিল প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্বেচ্ছাসেবকরা মানবিকতা, সংহতি ও স্বেচ্ছাসেবার বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেন।

উদ্বোধনী বক্তব্যে মহাসচিব ড. কবির এম আশরাফ আলম বলেন, “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যেকোনো সংকট ও দুর্যোগে আর্তমানবতার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রেড ক্রিসেন্টের মূলনীতিগুলোকে ধারণ করে আমরা অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছি।”
এসময় বাংলাদেশে আইএফআরসি, আইসিআরসি, জার্মান রেড ক্রস, ব্রিটিশ রেড ক্রস, আমেরিকান রেড ক্রস, সুইস রেড ক্রস-সহ অন্যান্য পার্টনার ন্যাশনাল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জাতীয় সদর দপ্তরে আগতদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে সারা দেশের ৬৮টি ইউনিটে একযোগে মানববন্ধন ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

বিশেষ এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়।

Skip to content