ঢাকা, ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি। পরে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সারাদিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বেচ্ছায় রক্তদান করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির আত্মত্যাগ, সাহস ও গৌরবের এক অনন্য স্মারক। এই চেতনাকে ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবার শক্তিকে কাজে লাগিয়ে দুর্যোগকালীন সহায়তা, মানবিক সেবা এবং রক্তদানের মতো কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।







