বিজয়ের ৫৫ বছর- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্ণাঢ্য আয়োজন

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয়ের ৫৫ বছর পূর্তি উদযাপন করেছে। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কর্মসূচি।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম এবং ম্যানেজিং বোর্ডের সদস্য ডা. আরেফিন অমল ইসলাম। একই সঙ্গে রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার বলেন, “এই দিনে আমরা আমাদের দেশকে অন্যের দখল থেকে ছিনিয়ে এনেছি এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। গত ৫৫ বছরে বাংলাদেশের বহু অর্জন রয়েছে। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে সেবা পাচ্ছে না তাকে সেবা দেওয়া, যে কষ্টে আছে তার কষ্ট লাঘব করা এবং পীড়িত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সব ঐতিহাসিক অর্জনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যুবকদের নিয়ে কাজ করি এবং ভবিষ্যতেও তাদের সম্পৃক্ত করে মানবসেবার কার্যক্রম জোরদার করব। জুলাইয়ের অভ্যুত্থান আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে যুবকদের শক্তি কতটা। দেশসেবায় যুবকদের আরও প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে।”

সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি বলেন, “মহান বিজয় দিবসের চেতনায় উদ্দীপ্ত হয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের আর্ত-পীড়িত মানুষের জন্য মানবতার হাত আরও প্রসারিত করতে হবে।”

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ এবং সকল জেলা ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিট নিজস্ব উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যবস্থা গ্রহণ করে।

Skip to content