২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে প্রায় ১২ লাখেরও বেশি মানুষ অস্থায়ীভাবে বসবাস করছে। জীবনধারণ ও মৌলিক চাহিদা পূরণের জন্য তারা সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC) এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট (RCRC) অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আগমনের শুরু থেকেই পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) বাস্তবায়ন করে আসছে। বর্তমানে এই কার্যক্রম বাস্তবায়নে ইন্টারন্যাশনাল ফেডারেশন (IFRC) ছাড়াও ৯টি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ন্যাশনাল সোসাইটি (PNS) আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।
পিএমও-র আওতায় ক্যাম্পে বসবাসরত ও ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি (WASH), দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), আশ্রয়, জীবিকা, সুরক্ষা, লিঙ্গ সমতা নিশ্চিতকরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (CEA) দল কাজ করছে।
শুধু জুলাই মাসেই এসব মানবিক সহায়তার মাধ্যমে প্রায় ১,০৪,৯১৩ জন মানুষের কাছে পৌঁছানো হয়েছে—যার মধ্যে ৯৯,২৩৫ জন ক্যাম্পে বসবাসরত এবং ৫,৬৭৮ জন স্থানীয় জনগোষ্ঠী।
তবে ক্রমবর্ধমান অর্থায়ন সংকট এসব কার্যক্রম টিকিয়ে রাখা আরও কঠিন করে তুলছে। নতুন আগমনের কারণে প্রয়োজনীয়তা বেড়েই চলেছে, অথচ দাতাদের সামগ্রিক অর্থায়ন ধারাবাহিকভাবে কমছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে, যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা (JRP) মাত্র ৩৫% অর্থায়ন পেয়েছে, ফলে জীবনরক্ষাকারী সেবার জন্য ১৭৬ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি নতুন করে আগত ১,৫০,০০০ মানুষের সহায়তার জন্য অতিরিক্ত ৮৪ মিলিয়ন মার্কিন ডলার জরুরি প্রয়োজন, যার জন্য একটি ফ্ল্যাশ আপিল চালু করা হয়েছে।
২০২৫–২০২৭ সময়কালের জন্য ফেডারেশন-জুড়ে অর্থায়নের চাহিদা ৮৭ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (CHF)। কিন্তু বাজেট কমে যাওয়ায় জীবনরক্ষাকারী কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে পুনঃকেন্দ্রীভূত পরিকল্পনার জন্য এখন ৪৩.৭ মিলিয়ন সিএইচএফ প্রয়োজন, যার মধ্যে ৫৫% অর্থাৎ ২৪.৪ মিলিয়ন সিএইচএফ এখনও ঘাটতি রয়ে গেছে। ইতিমধ্যেই অর্থায়ন হ্রাসের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সেবাদান ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) তার সীমিত সক্ষমতার মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন (IFRC) ও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট (RCRC) অংশীদার এবং এর বাইরেও বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা ও প্রচারণার মাধ্যমে তহবিল সংগ্রহ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
PMO Opertaional Update July 2025







